উজ্জ্বল ভূইয়া, স্টাফ রিপোর্টারঃ
পাসপোর্ট অফিসে দালালচক্রের দৌরাত্ম্য রুখতে অভিযানে দুই দালালকে আটক করেছে আনসার বাহিনী। সোমবার (১২ জানুয়ারি) ঢাকার একটি পাসপোর্ট অফিস চত্বরে অভিযান চালিয়ে আনসারের সদস্য পিসি হাসেম তাদের হাতেনাতে আটক করেন।
আনসার সদস্য পিসি হাসেম জানান, পাসপোর্ট করতে আসা সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে দালালদের কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন। সহজে পাসপোর্ট করে দেওয়ার প্রলোভন দেখিয়ে দালালরা অতিরিক্ত অর্থ আদায়সহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এতে সেবাগ্রহীতাদের মধ্যে বিভ্রান্তি ও ক্ষোভ তৈরি হয়।
তিনি আরও জানান, দালালচক্রের তৎপরতা বন্ধে নিয়মিত নজরদারির অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহভাজন দুই দালালকে আটক করা হলে তাদের কাছ থেকে দালালির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।তারপর আটককৃতদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় পাসপোর্ট করতে আসা সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন। তারা দালালমুক্ত পাসপোর্ট সেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চালানোর দাবি জানিয়েছেন।
সংশ্লিষ্টদের মতে, ধারাবাহিক অভিযান জোরদার করা হলে পাসপোর্ট অফিসে দালালচক্রের প্রভাব কমবে এবং নাগরিকরা হয়রানি ছাড়াই সরকারি সেবা নিতে পারবেন।