আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ৫৫,৪৫৪ জন দেশি পর্যবেক্ষককে অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই পর্যবেক্ষকরা ইসিতে নিবন্ধিত ৮১টি সংস্থার মাধ্যমে দায়িত্ব পালন করবেন। এর মধ্যে ৭,৯৯৭ জন কেন্দ্রীয় পর্যবেক্ষক এবং ৪৭,৪৫৭ জন স্থানীয় পর্যবেক্ষক সংসদীয় আসনভিত্তিক পর্যবেক্ষণ করবেন।
ইসি নির্দেশনা অনুযায়ী, ভোটকেন্দ্রে প্রবেশে কেবল ভোটার এবং কমিশনের অনুমোদিত পরিচয়পত্রধারীরা প্রবেশ করতে পারবেন। স্থানীয় পর্যবেক্ষকদের জন্য ‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫’ অনুসরণ করা বাধ্যতামূলক। পরিচয়পত্র ও গাড়ির স্টিকার ইস্যুর জন্য ইসি একটি ওয়েবপোর্টাল তৈরি করেছে, যেখানে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে হবে। যাচাই-বাছাই শেষে পর্যবেক্ষকরা অনলাইনে কার্ড ও স্টিকার ডাউনলোড ও মুদ্রণ করতে পারবেন।
পর্যবেক্ষকরা ভোটকেন্দ্রে অবস্থানকালে পরিচয়পত্র দৃশ্যমান রাখবেন এবং ভোটপ্রদানের অধিকারের প্রতি সচেতন থাকবেন। কোনো প্রকার হস্তক্ষেপ, নির্বাচনি উপকরণ স্পর্শ বা অপসারণ থেকে বিরত থাকতে হবে। স্বার্থের সংঘাত বা অন্য পর্যবেক্ষকের অসঙ্গত আচরণ দেখা গেলে তা সংশ্লিষ্ট সংস্থাকে অবহিত করতে হবে।
নীতিমালা অনুযায়ী, পর্যবেক্ষকরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন এবং কোনো প্রার্থী বা রাজনৈতিক দলের পক্ষ/বিপক্ষে চিহ্ন, প্রতীক বা পোশাক প্রদর্শন করতে পারবেন না। কোনো উপহার গ্রহণ বা সুবিধা নেওয়া, মিডিয়ার সামনে মন্তব্য করা যা নির্বাচন প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে, এগুলোও কঠোরভাবে নিষিদ্ধ।
এই ব্যবস্থার মাধ্যমে নির্বাচনকে শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে সম্পন্ন করা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আস্থা নিশ্চিত করাই কমিশনের লক্ষ্য।
সুত্রঃবাসস