আপসহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে শোকার্ত মানুষের ঢল নেমেছে। দেশের বিভিন্ন জেলা থেকে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ জানাজায় অংশগ্রহণের জন্য ভিড় করছেন।
বুধবার (৩১ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে সরেজমিনে দেখা যায়, জানাজা শুরুর কয়েক ঘণ্টা আগেই হাজার হাজার মানুষ মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় অবস্থান নিয়েছেন। মানুষের চোখেমুখে প্রিয় নেত্রীকে হারানোর গভীর শোক ও বেদনার ছাপ স্পষ্ট।
নরসিংদী থেকে আসা আমির হোসেন বলেন, প্রিয় নেত্রীর জানাজায় অংশ নিতে নিজ খরচে ঢাকায় এসেছি। বাড়িতে বসে থাকতে পারিনি।
নারায়ণগঞ্জ থেকে আসা ফারুক আহমেদ ও শ্যামল কুমার বলেন, এমন সাহসী ও দেশপ্রেমিক নেত্রী বাংলাদেশের ইতিহাসে বিরল। শেষ বিদায় জানাতেই এখানে এসেছি।
আজ দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউসংলগ্ন এলাকায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।
নিরাপত্তা নিশ্চিত করতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, জানাজা ও দাফন কার্যক্রম ঘিরে এভারকেয়ার হাসপাতাল, জাতীয় সংসদ ভবন ও জিয়া উদ্যান এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।