যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তবর্তী এলাকায় সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। তবে এর জেরে সুনামির কোনো আশঙ্কা নেই এবং এখন পর্যন্ত প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় সময় শনিবার বেলা এগারোটা একচল্লিশ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে—ভূমিকম্পের কেন্দ্র ছিল আলাস্কার জুনেউ শহর থেকে দুইশ ত্রিশ কিলোমিটার উত্তরপশ্চিমে এবং কানাডার ইউকন প্রদেশের রাজধানী হোয়াইটহর্স থেকে প্রায় দুইশ পঞ্চাশ কিলোমিটার পশ্চিমে। কেন্দ্রটির গভীরতা ছিল ভূপৃষ্ঠের মাত্র দশ কিলোমিটার নিচে।
কানাডার রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশের হোয়াইটহর্স শাখার সার্জেন্ট ক্যালিস্টা ম্যাকলিওড জানিয়েছেন—ভূমিকম্পটি বেশ শক্তিশালী ছিল এবং বহু মানুষ এর কম্পন অনুভব করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে এই কম্পন নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন। তবে এখনও পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।