লন্ডন সফর সংক্ষিপ্ত করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ শনিবার সকালে ঢাকায় ফিরেছেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে তিনি সরাসরি জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটের হিমঘরে যান, যেখানে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মরদেহ রাখা হয়েছে।
এ সময় জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন, ঢাকা-১৭ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এসএম খালিদুজ্জামানসহ সংগঠনের শীর্ষ নেতারা। জামায়াতে ইসলামী পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে গিয়ে জামায়াতের আমির নিহত শরিফ ওসমান হাদির বড় দুই ভাইয়ের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সান্ত্বনা দেন। পরে তিনি উপস্থিত সবার সঙ্গে হাদির রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।
আজ বেলা দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় জামায়াতের আমিরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সর্বস্তরের মানুষ অংশ নেবেন বলে জানা গেছে। জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাঁকে সমাহিত করা হবে।
উল্লেখ্য, শরিফ ওসমান হাদির মরদেহ গতকাল শুক্রবার সিঙ্গাপুর থেকে দেশে আনা হয়। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।