বিশ্ব খ্যাত ইসলামিক ব্যক্তিত্ব ডা. জাকির নায়েক আগামী ২৮ নভেম্বর ঢাকায় আসতে পারেন। বাংলাদেশে দুই দিনের সফরে এসে একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা আছে তাঁর।
জাকির নায়েকের সম্ভাব্য এই ঢাকা সফর নিয়ে গত বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে প্রশ্ন করেছিলেন এক সাংবাদিক। এর জবাবে জয়সওয়াল বলেন, তাদের প্রত্যাশা বাংলাদেশ জাকির নায়েককে গ্রেপ্তার করে তাদের হাতে তুলে দেবে।
তিনি বলেন, ‘জাকির নায়েক একজন পলাতক আসামি। তিনি ভারতে ওয়ান্টেড। তো আমরা আশা করি তিনি যে দেশেই যান, ওই দেশ তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা এবং আমাদের নিরাপত্তা উদ্বেগকে বিবেচনায় নেবে।’
এদিকে জাকির নায়েকের বাংলাদেশে আসার ব্যবস্থা করছে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট নামের একটি প্রতিষ্ঠান।
১২ অক্টোবর প্রতিষ্ঠানটির প্রোপাইটার আলী রাজ ঢাকা পোস্টকে বলেন, ‘২৮ বা ২৯ নভেম্বর ঢাকায় জাকির নায়েকের প্রথম প্রোগ্রামটি হবে।
সূত্র : এএনআই