সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। তবে অভিযোগটি এখনো মামলা হিসেবে নথিভুক্ত হয়নি।
রোববার দিবাগত রাত ২টার পর জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ রাজধানীর উত্তরা পশ্চিম থানায় এই অভিযোগ করেন। অভিযোগে অন্য দুইজন হলেন মারিয়া কিশপট্ট ও ইমতু রাতিশ ইমতিয়াজ।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোহাম্মদ রফিক আহমেদ বলেন, অভিযোগটি সাইবারসংক্রান্ত। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে সাংবাদিক আনিস আলমগীর বর্তমানে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার কার্যালয়ে রয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য রোববার সন্ধ্যায় তাঁকে সেখানে ডেকে নেওয়া হয়। সোমবার সকাল সোয়া ৯টার দিকে ডিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আনিস আলমগীর ডিবি কার্যালয়েই আছেন এবং তাঁর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমানও আনিস আলমগীরের ডিবি কার্যালয়ে অবস্থানের বিষয়টি নিশ্চিত করেছেন।