বলিউড বাদশাহ শাহরুখ খানকে ‘কাকু’ বলে সম্বোধন করে অপমান করেছেন—এমন অভিযোগ উঠেছিল তুর্কি জনপ্রিয় অভিনেত্রী হান্দে এরচেলের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা। তবে দীর্ঘ নীরবতা ভেঙে এবার পুরো ঘটনা নিয়ে মুখ খুলেছেন এই সুন্দরী অভিনেত্রী।
সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদে আয়োজিত এক জমকালো আন্তর্জাতিক পুরস্কার অনুষ্ঠানে মিশরীয় অভিনেত্রী আমিনা খলিলের সঙ্গে মঞ্চে দেখা যায় শাহরুখ খানকে। এ সময় দর্শকাসনে বসে সেই মুহূর্তটি মোবাইলে ভিডিও করছিলেন হান্দে এরচেল।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই ধারণা করেন, বিদেশের মাটিতেও শাহরুখ খানের জনপ্রিয়তায় মুগ্ধ তুর্কি এই তারকা। তবে কিছুক্ষণের মধ্যেই বিতর্কের জন্ম দেয় একটি ভাইরাল স্ক্রিনশট।
ওই স্ক্রিনশটে দাবি করা হয়, হান্দে এরচেল নাকি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন—তিনি শাহরুখ খানের ভক্ত নন, এমনকি তাকে চিনতেনও না। পাশাপাশি অভিযোগ ওঠে, তিনি নাকি অভিনেতাকে ‘কাকু’ বলে সম্বোধন করেছেন।
বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠার পর অবশেষে নিজের অবস্থান পরিষ্কার করেন হান্দে এরচেল। তিনি স্পষ্টভাবে জানান, শাহরুখ খানকে তিনি কখনোই ‘কাকু’ বলে সম্বোধন করেননি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মন্তব্যটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর।
হান্দে বলেন,
“আমি এমন কোনো মন্তব্য করিনি। আমার নামে যে স্ক্রিনশট ছড়ানো হয়েছে, সেটি সত্য নয়। শাহরুখ খান একজন আন্তর্জাতিক তারকা, তার প্রতি আমার সম্পূর্ণ শ্রদ্ধা রয়েছে।”
তিনি আরও জানান, অনলাইনে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য অনেক সময় অকারণে শিল্পীদের বিব্রত করে এবং ভক্তদের ভুল বোঝাবুঝির সৃষ্টি করে।
ঘটনাটি পরিষ্কার হওয়ার পর ভক্তদের একাংশও দাবি করছেন, যাচাই ছাড়া ভাইরাল হওয়া স্ক্রিনশট থেকেই এই ভুল বোঝাবুঝির জন্ম নেয়।
উল্লেখ্য, হান্দে এরচেল তুরস্কের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। আন্তর্জাতিক বিভিন্ন আয়োজন ও ফ্যাশন ইভেন্টে নিয়মিত অংশগ্রহণের মাধ্যমে তিনি বিশ্বজুড়ে পরিচিতি অর্জন করেছেন। অন্যদিকে, শাহরুখ খান ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে প্রভাবশালী ও জনপ্রিয় তারকাদের একজন হিসেবে দীর্ঘদিন ধরেই বিশ্বব্যাপী দর্শকপ্রিয়তা ধরে রেখেছেন।