ভারতের উত্তর গোয়ায় একটি জনপ্রিয় নাইটক্লাবে ভয়াবহ আগুন লেগে নিহত হয়েছেন অন্তত তেইশ জন। আহত হয়েছেন প্রায় পঞ্চাশ জন। তাদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে গোয়া মেডিক্যাল কলেজে। রবিবার ভোরে স্থানীয় কর্মকর্তা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এ তথ্য নিশ্চিত করেন।
রাত আনুমানিক একটার দিকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে ধারণা করা হয়েছিল রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন লাগে। তবে পরিদর্শনে সিলিন্ডারগুলো অক্ষত পাওয়া গেছে বলে জানিয়েছেন গোয়ার পুলিশ মহাপরিচালক।
কর্মকর্তাদের সূত্র অনুযায়ী, বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে মুহূর্তের মধ্যে পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়ে। ভেতরে থাকা অনেকেই বের হওয়ার সুযোগ পাননি। নিহতদের মধ্যে তিন থেকে চারজন পর্যটক, বাকিরা নাইটক্লাবের কর্মী।
মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। রাতভর উদ্ধার অভিযান চলেছে এবং নিহতদের শনাক্তে কাজ করছে প্রশাসন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত বলেন, গোয়ার জন্য এটি অত্যন্ত বেদনাদায়ক দিন। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তের নির্দেশ দিয়েছেন এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা করেছেন।












