রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ১৪ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রাজধানীতে ১২ প্লাটুন এবং গাজীপুর ও নারায়ণগঞ্জে এক প্লাটুন করে বিজিবি মাঠে রয়েছে।
বুধবার (১২ নভেম্বর) সকালে বিজিবির সদর দপ্তরের গণসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “সকাল থেকেই বিজিবি সদস্যরা মাঠে তৎপর রয়েছেন। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তারা কাজ করছেন।”
সম্প্রতি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক বাস ও যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্বৃত্তদের নাশকতামূলক কর্মকাণ্ডে রাস্তায় চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
এদিকে, রাজধানীতে শঙ্কার কিছু নেই বলে আশ্বস্ত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি জানান, কার্যক্রম নিষিদ্ধ একটি দল সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। গত কয়েক দিনে রাজধানীতে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত সন্দেহে ৫৫২ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের অধিকাংশই রাজধানীর বাইরে থেকে এসেছে।
রাজধানীবাসীর উদ্দেশে তিনি বলেন, “অপরিচিত কাউকে আশ্রয় দেবেন না, সন্দেহ হলে পুলিশকে জানান। জনগণের সহযোগিতায় নাশকতাকারীদের দমন করা হবে।”
অন্যদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য কর্মসূচি ঘিরে সরকার কঠোর অবস্থানে রয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “এটা ২০০৬ সালের ২৮ অক্টোবর নয় এটা জুলাই, চিরকালের জন্য।”












