রাজধানীতে হাফ ভাড়া নিয়ে বিতণ্ডার জেরে ঢাকা কলেজের এক শিক্ষার্থী আহত হয়েছে এমন অভিযোগের পর মেঘলা পরিবহনের ১৩টি বাস আটক করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সায়েন্সল্যাব মোড় থেকে বাসগুলো আটকে কলেজের পাশের নায়েমের গলিতে নিয়ে যায় তারা।
আহত শিক্ষার্থীর নাম মাহবুব হোসেন। তিনি ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থী। সহপাঠীদের অভিযোগ, বুধবার দুপুরে সাইনবোর্ড এলাকায় মেঘলা পরিবহনের একটি বাসে হাফ ভাড়া চাইলে বাসের সহকারীর সঙ্গে মাহবুবের তর্ক হয়। একপর্যায়ে বাস থেকে নামার সময় সহকারী জোরে ধাক্কা দিলে মাহবুব রাস্তায় পড়ে যায় এবং হাত–পায়ে আঘাত পায়।
এর প্রতিবাদে বৃহস্পতিবার শিক্ষার্থীরা মেঘলা পরিবহনের ১৩টি বাস আটকে রাখে। আটক বাসগুলোর নম্বরের মধ্যে রয়েছে ঢাকা মেট্রো-ব-১৫-১৪০৮, ৩৪৮৫, ১৪০৭, ঢাকা মেট্রো-ব-১১-৮৫৯৬, ৭০৬৫, ৭৭৩২, ৭৮৬৯সহ আরও কয়েকটি।
উল্লেখ্য, শিক্ষার্থীদের জন্য সপ্তাহের সাত দিন সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত হাফ ভাড়া চালু আছে। এ সুবিধা পেতে ইউনিফর্ম বা ছবিযুক্ত পরিচয়পত্র বাধ্যতামূলক।