এলপিজির পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও যারা কৃত্রিম সংকট সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকারের প্রতি দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী।
শনিবার (১০ জানুয়ারি) দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলছে। এ ধরনের অমানবিক ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে বলা হয়, এলপিজির কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়ানো ও বাজার অস্থিতিশীল করার অপচেষ্টা দেশের অর্থনীতি ও জনজীবনে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, বাজারে শৃঙ্খলা ফেরাতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। কৃত্রিম সংকট সৃষ্টি, মজুতদারি ও অসাধু ব্যবসায় জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, বাজার মনিটরিং জোরদার করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে এ ধরনের সংকট বারবার ফিরে আসবে। জনগণের ন্যায্য অধিকার রক্ষায় সরকারকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।