ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও তার ভারত সফর বাতিল করেছেন। নয়াদিল্লিতে দুই সপ্তাহ আগে ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলার পর নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সফরটি স্থগিত করা হয়েছে। এতে চলতি বছর তৃতীয়বারের মতো ভারত সফর বাতিল করলেন তিনি।
মঙ্গলবার আই২৪নিউজকে উদ্ধৃত করে এনডিটিভি জানায়, নয়াদিল্লিতে সাম্প্রতিক হামলাটি প্রায় এক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক ঘটনা, যাতে অন্তত ১৫ জন নিহত ও বহু মানুষ আহত হন। নতুন করে নিরাপত্তা মূল্যায়ন সম্পন্ন না হওয়া পর্যন্ত নেতানিয়াহুর সফর আগামী বছর পর্যন্ত পিছিয়ে যেতে পারে।
চলতি বছর শেষ হওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পরিকল্পনা ছিল নেতানিয়াহুর। তবে এর আগেও তিনি দুইবার সফরসূচি বাতিল করেছেন সেপ্টেম্বরে আসার কথা থাকলেও নিজের দেশের নির্বাচনী ব্যস্ততার কারণ দেখিয়ে তা স্থগিত করেন; তারও আগে এপ্রিলে নির্বাচন শুরুর আগেও একই কারণে সফর বাতিল করেছিলেন।
বিশ্লেষকদের মতে, ভারত সফর নেতানিয়াহুর আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বাড়ানোর কৌশলের অংশ। গত জুলাইয়ে লিকুদ পার্টির প্রচারণা ব্যানারে মোদি, ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ছবি ব্যবহার করা হয়েছিল আন্তর্জাতিক প্রভাব তুলে ধরতে।
নেতানিয়াহুর সর্বশেষ ভারত সফর ছিল ২০১৮ সালের জানুয়ারিতে। আর ২০১৭ সালে নরেন্দ্র মোদি ইসরায়েল সফর করেন, যা ছিল কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম তেল আবিব সফর।