দীর্ঘ ২২ বছর পর খুলনা সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনা মহানগরীর খালিশপুর প্রভাতী স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই খুলনায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। খুলনা মহানগর ও জেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে জড়ো হতে শুরু করেছেন। দূর-দূরান্ত থেকে আগত অনেক নেতাকর্মী রোববার রাতেই খুলনায় এসে পৌঁছান।
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন জানান, সোমবার বেলা ১১টায় হেলিকপ্টারে করে খুলনায় পৌঁছাবেন তারেক রহমান। দুপুর ১২টায় খালিশপুর প্রভাতী স্কুল মাঠে আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথির ভাষণ দেবেন। জনসভা শেষে দুপুর ১টায় তিনি হেলিকপ্টারে যশোরের উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন। তিনি আশা প্রকাশ করেন, জনসভায় লাখো মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবে।
জনসভায় সভাপতিত্ব করবেন খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা। সভায় বৃহত্তর খুলনা অঞ্চলের ১৪ জন সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় নেতারা দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন।
বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী রকিবুল ইসলাম বকুল জানান, খুলনার পাশাপাশি সাতক্ষীরা ও বাগেরহাটের সংসদ সদস্য প্রার্থী এবং বিপুলসংখ্যক নেতাকর্মী জনসভায় অংশ নেবেন। তিনি বলেন, জনসভা ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, একের পর এক কর্মসূচি এবং বিরামহীন সফরের কারণে তারেক রহমান কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন। এরপরও খুলনার মানুষের প্রতি ভালোবাসা থেকেই তিনি এই সফরে সম্মত হয়েছেন। এ জন্য খুলনার মানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে সর্বোচ্চ উপস্থিতির মাধ্যমে তাকে স্বাগত জানানো হবে বলে জানান তিনি।