নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে সন্ত্রাসী তৎপরতা দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘কম্বিং অপারেশন’ পরিচালনার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে নরসিংদী জেলা কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ পরিকল্পনার কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রায়পুরা উপজেলা বর্তমানে জেলার সবচেয়ে বড় সমস্যা। সেখানে সন্ত্রাসীদের আড্ডা বেশি এবং তাদের কাছে বিপুল পরিমাণ অস্ত্র রয়েছে। তিনি জানান, দ্রুত সময়ের মধ্যেই পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সমন্বয়ে কম্বিং অপারেশন চালিয়ে এসব সন্ত্রাসীকে আইনের আওতায় আনা হবে।
তিনি আরও জানান, ২০২৪ সালের ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগার থেকে লুট হওয়া অস্ত্রের বেশির ভাগ উদ্ধার করা হয়েছে। বাকি অস্ত্র উদ্ধার এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এর আগে তিনি নরসিংদী জেলা কারাগারের ভেতরের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন।
প্রসঙ্গত, ২০২৪ সালের ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগারে হামলা ও ভাঙচুরের ঘটনায় ভেতরে থাকা ৮২৬ কয়েদি পালিয়ে যায়। সেদিন অস্ত্র ও গোলাবারুদ লুট হয়। পরে কারাগারটি সংস্কার করে আবার বন্দি রাখার উপযোগী করা হয়।