প্রায় এক বছরের বিরতির পর আবারও ফিরছে বাংলা গানের জনপ্রিয় প্ল্যাটফর্ম কোক স্টুডিও বাংলা। বহুল প্রতীক্ষিত এই আয়োজনের তৃতীয় সিজন আগামী ২৩ আগস্ট থেকে সম্প্রচার শুরু হবে। বিষয়টি নিশ্চিত করেছে বেঞ্চমার্ক পিআর।
২০২২ সালে যাত্রা শুরু করা কোক স্টুডিও বাংলা প্রথম সিজনের ‘নানা বর্ণে’ থেকে শুরু করে দ্বিতীয় সিজনের ‘অবাক ভালোবাসা’— প্রতিটি গানেই দর্শক-শ্রোতাদের মনে আলাদা আবেগ সৃষ্টি করেছে। তবে গত এক বছরে কোনো নতুন গান প্রকাশ না হওয়ায় ভক্তদের মধ্যে জমেছিল অপেক্ষা আর আক্ষেপ।
গত বছর পহেলা বৈশাখে সিজন ৩–এর প্রথম গান ‘তাঁতি’ প্রকাশের মাধ্যমে জানানো হয়েছিল, এ সিজনে মোট ১১টি গান আসবে। কিন্তু তিনটি গান প্রকাশের পর কার্যক্রম বন্ধ হয়ে যায়। অবশেষে আবার শুরু হচ্ছে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের কার্যক্রম। নতুন গান ‘বাজি’ দিয়েই শুরু হবে এই যাত্রা।
ভক্তরা আশা করছেন, আগের মতোই নতুন মৌসুমও ছুঁয়ে যাবে সবার হৃদয়।