মালয়েশিয়া আগামী বছর থেকে ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খোলা নিষিদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে। শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দেশটির যোগাযোগ মন্ত্রী ফাহমি ফাজদিল।
রোববার (২৩ নভেম্বর) তিনি জানান, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে অনলাইনে বয়সসীমা আরোপের যে প্রচেষ্টা চলছে, মালয়েশিয়াও তা পর্যবেক্ষণ করছে। তিনি বলেন, “আশা করি আগামী বছর থেকেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো সরকারের সিদ্ধান্ত মেনে ১৬ বছরের নিচের কাউকে অ্যাকাউন্ট খুলতে দেবে না।”
ফাজদিল আরও বলেন, সরকার–সংস্থা–অভিভাবক সবাই দায়িত্বশীল হলে মালয়েশিয়ার ইন্টারনেট শুধু দ্রুতগতিরই নয়, বরং শিশু ও পরিবারদের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা হয়ে উঠবে।
সাম্প্রতিক সময়ে মালয়েশিয়া সাইবার অপরাধ মোকাবিলায় সোশ্যাল মিডিয়ার ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে। নতুন নিয়ম অনুযায়ী, ৮০ লাখের বেশি ব্যবহারকারী থাকা প্ল্যাটফর্ম ও মেসেজিং সার্ভিসগুলোর জন্য লাইসেন্স বাধ্যতামূলক করা হয়েছে, যা চলতি বছরের জানুয়ারি থেকে কার্যকর।
গত অক্টোবরে কয়েকজন এমপি শিশুদের বয়স যাচাই প্রক্রিয়া আরও কঠোর করার পক্ষে মত দেন। এদিকে ইপসস মালয়েশিয়া এডুকেশন মনিটর ২০২৫–এর জরিপে দেখা যায়, দেশের ৭২ শতাংশ মানুষ শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার সীমিত করার পক্ষে।
অস্ট্রেলিয়া আগামী ১০ ডিসেম্বর থেকে সব সোশ্যাল প্ল্যাটফর্মকে ১৬ বছরের নিচের ব্যবহারকারীর অ্যাকাউন্ট মুছে ফেলতে নির্দেশ দিয়েছে। নিউজিল্যান্ডও শিশুদের অনলাইন ব্যবহারে সীমাবদ্ধতা আনতে আইন করার পরিকল্পনা করছে।
ডাচ সরকার ১৫ বছরের নিচের শিশুদের টিকটক ও স্ন্যাপচ্যাট ব্যবহার না করার পরামর্শ দিয়েছে। এছাড়া ডেনমার্ক, ফ্রান্স, গ্রিস, ইতালি ও স্পেন যৌথভাবে এমন একটি অ্যাপ চালু করতে যাচ্ছে, যা ব্যবহারকারীর বয়স যাচাই করে শিশুদের ক্ষতিকর কনটেন্ট থেকে সুরক্ষা দেবে।