রাজধানীর কল্যাণপুরের ‘জাহাজ বাড়ি’তে কথিত জঙ্গি আস্তানায় অভিযানের নামে ৯ জনকে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। মানবতাবিরোধী অপরাধের এ মামলায় বৃহস্পতিবার প্রসিকিউশনের পক্ষ থেকে ফরমাল চার্জ জমা দেওয়া হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামীম সাংবাদিকদের জানান, ২০১৬ সালে কল্যাণপুরের ওই ভবনে জঙ্গি নাটক সাজিয়ে ৯ জনকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া, সাবেক স্পেশাল ব্রাঞ্চ প্রধান মনিরুল ইসলামসহ মোট আটজনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০১৬ সালের ২৫ জুলাই কল্যাণপুরের ‘জাহাজ বাড়ি’ নামের একটি ভবনে কথিত জঙ্গি নিধন অভিযানের নামে ৯ জন তরুণকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়।
মামলার তদন্তে উঠে এসেছে, নিহত ওই তরুণদের অনেককে ঘটনার বেশ কিছুদিন আগেই দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছিল। তদন্ত সংস্থার তথ্য অনুযায়ী, তাদের কেউ কেউ দুই থেকে তিন মাস পর্যন্ত ডিবি হেফাজতে ছিলেন। পরবর্তী সময়ে সবাইকে কল্যাণপুরের ওই ভবনে একত্র করা হয়। ঘটনার রাতে ‘ব্লক রেইড’-এর কথা বলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত হন এবং পরে গুলি করে হত্যার ঘটনাটিকে ‘জঙ্গি নিধন’ হিসেবে প্রচার করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
এর আগে গত বছরের ২৪ মার্চ এ মামলায় সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া এবং ডিএমপি মিরপুর বিভাগের সাবেক উপ-কমিশনার মো. জসীম উদ্দীন মোল্লাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
মামলাটি বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে।
সুত্রঃবাসস