জাতীয় সংসদ নির্বাচনে কোনো বৈধ প্রার্থীর মৃত্যু হলে সংশ্লিষ্ট আসনের ভোট স্থগিত করার বিধান থাকলেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর ঘটনায় বর্তমান নির্বাচনি তফসিলে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২-এর সংশোধিত বিধান অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর কোনো বৈধ প্রার্থী মৃত্যুবরণ করলে বা আইনি কারণে প্রার্থিতা বাতিল হলে রিটার্নিং কর্মকর্তা ওই আসনের নির্বাচন কার্যক্রম বাতিল করবেন। সে ক্ষেত্রে কমিশন নতুন নির্বাচনি তফসিল ঘোষণা করবে। তবে আগের তফসিলে বৈধভাবে মনোনয়ন দেওয়া প্রার্থীদের নতুন করে মনোনয়নপত্র বা জামানতের অর্থ জমা দিতে হবে না।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর সংশ্লিষ্ট আসনগুলোর নির্বাচন স্থগিত হবে কি না—এ নিয়ে আলোচনা শুরু হয়। এ বিষয়ে জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, আইনে বৈধ প্রার্থীর মৃত্যুর ক্ষেত্রে নির্বাচন স্থগিতের বিধান রয়েছে। তবে বেগম খালেদা জিয়া এখনো বৈধ প্রার্থী হিসেবে চূড়ান্ত হননি। ফলে বর্তমান তফসিলে এর কোনো প্রভাব পড়বে না। তিনি আরও বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়টি বিবেচনায় রেখে বিএনপি সংশ্লিষ্ট আসনগুলোতে বিকল্প প্রার্থীর মনোনয়ন দিয়েছে।
এদিকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, বিষয়টি আরপিও অনুযায়ী পর্যালোচনা করে কমিশনের সিদ্ধান্ত জানানো হবে।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা সোমবার (২৯ ডিসেম্বর) শেষ হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বেগম খালেদা জিয়ার নামে বগুড়া, দিনাজপুর ও ফেনীর তিনটি আসনে মনোনয়নপত্র দাখিল করা হয়। পাশাপাশি ওই আসনগুলোতে বিএনপির পক্ষ থেকে বিকল্প প্রার্থীর মনোনয়নও জমা দেওয়া হয়েছে।