ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর পক্ষে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম (শহিদ)।
রোববার রাতে নিজের ফেসবুক পোস্টে সাইফুল ইসলাম এ সিদ্ধান্তের কথা জানান। তিনি লেখেন, কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত মেনে নিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
এনসিপি ও জামায়াতে ইসলামীর মধ্যে নির্বাচনী সমঝোতার অংশ হিসেবে এ সিদ্ধান্ত এসেছে। এর আগে রোববার ঢাকায় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের সংবাদ সম্মেলনের পরপরই কুমিল্লা-৪ আসনে জামায়াত প্রার্থীর সরে দাঁড়ানোর বিষয়টি সামনে আসে।
সাইফুল ইসলাম কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি। উল্লেখ্য, এই আসনে এনসিপির মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহর বাড়ি। গত ২৩ ডিসেম্বর এনসিপির পক্ষ থেকে তাঁর মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। একই সময়ে জামায়াত প্রার্থীও মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।
নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে সাইফুল ইসলাম বলেন, সংগঠনের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও বলেন, নির্বাচন না করলেও দেবীদ্বারের মানুষের পাশে থাকবেন এবং সংগঠনের সিদ্ধান্ত কল্যাণ বয়ে আনবে বলে তিনি বিশ্বাস করেন।