যশোর শহরের উপশহর পার্ক সংলগ্ন এলাকায় পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। আগুন লাগার সময় পাশে থাকা বস্তির বাসিন্দারা অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান।
স্থানীয়রা জানান, ফজরের নামাজের পর হঠাৎ বাসের ভেতর থেকে ধোঁয়া ও আগুনের শিখা উঠতে দেখা যায়। কাছে গিয়ে দেখা যায়, বাসটি ফাঁকা, কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। বস্তিবাসীরা দ্রুত এগিয়ে এসে প্রায় ২০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।
বাসটির সুপারভাইজার হান্নান খান (মাগুরা, শ্রীপুর) জানান, ‘রাহিন স্পেশাল’ নামের বাসটি (মাগুরা জে-১১-০০০৭) প্রতিদিন যশোর–মাগুরা রুটে চলাচল করে। তিনি বলেন, “বুধবার রাতে নিয়মিতভাবে বাসটি উপশহর এলাকায় পার্কিং করা হয়েছিল। ভোরে বাসায় ফেরার কিছুক্ষণ পরই খবর পাই, দুর্বৃত্তরা আগুন দিয়েছে।”
তিনি আরও জানান, আগুনে বাসের সিট ও ভেতরের অংশ পুড়ে গেছে, তবে ইঞ্জিন অক্ষত রয়েছে। স্থানীয়দের দাবি, আগুন যদি বস্তিতে ছড়িয়ে পড়তো, মুহূর্তেই অনেক ঘর পুড়ে যেত। তাদের তৎপরতার কারণেই বড় বিপর্যয় এড়ানো গেছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ড্রাইভারের সিটের পাশের জানালা ভেঙে ভেতরে আগুন দেওয়া হয়েছে। ঘটনাটি আমরা তদন্ত করছি।”