টাঙ্গাইলে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল থেকে শনিবার (২০ ডিসেম্বর) সকাল পর্যন্ত জেলার ১২টি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
শনিবার দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ বিপ্লব মিয়া, আশুতোষ কুমার সাহা টিটু, করিম মিয়া, কবির হোসেন, সুমন খান, শফিক তালুকদার, শাকিল, হেলাল উদ্দিন, নওজেস আলী, সেলিম হোসেন, গোলাম মোস্তফা, দেলোয়ার হোসেন, আব্দুল খালেক ও আমিনুল ইসলাম।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তারকৃতরা নাগরপুর, মির্জাপুর, টাঙ্গাইল সদর, দেলদুয়ার, ঘাটাইল, সখীপুর, ধনবাড়ী, কালিহাতী, ভূঞাপুর, মধুপুর, বাসাইল ও গোপালপুর থানার বিভিন্ন মামলার এজাহারনামীয় ও সন্দিগ্ধ আসামি।
মামলাগুলোতে সংঘবদ্ধ সহিংসতা, হামলা, মারধর, গুরুতর আহত, হত্যাচেষ্টা, ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি ও বিস্ফোরক দ্রব্য সংক্রান্ত অপরাধসহ নানা অভিযোগ রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।