বলিউডের আলোচিত জুটি মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের প্রেম একসময় ছিল ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। দীর্ঘ ছয় বছর একসঙ্গে পথ চলার পর ২০২৪ সালে এসে ভেঙে যায় তাদের সম্পর্ক। বিচ্ছেদের পর সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা গণমাধ্যমে বিষয়টি নিয়ে খুব একটা মুখ খুলতে দেখা যায়নি মালাইকাকে। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রথমবারের মতো অর্জুনের সঙ্গে সম্পর্ক ও বিচ্ছেদ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এই বলিউড তারকা।
সাক্ষাৎকারে মালাইকা বলেন, “আমি আমার অতীত নিয়ে খুব বেশি কথা বলতে চাই না। এমনকি ভবিষ্যতে কী হতে পারে, তা নিয়েও আগাম কোনো মন্তব্য করতে আগ্রহী নই। আমাদের সম্পর্ক নিয়ে ইতোমধ্যে অনেক লেখালেখি হয়েছে।”
বিচ্ছেদ হলেও অর্জুন কাপুর তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়েই থাকবেন বলেও জানান তিনি। মালাইকার ভাষায়, “সম্পর্ক শেষ হলেও মানুষের জায়গাটা একেবারে মুছে যায় না। অর্জুন আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।”
নিজের ব্যক্তিজীবন নিয়ে কথা বলতে গিয়ে মালাইকা আরও বলেন, কম বয়সে বিয়ে করার সিদ্ধান্ত তিনি আর নিতে চান না। তার মতে, জীবন উপভোগ করা ও নিজের অবস্থান দৃঢ় করাই সবচেয়ে জরুরি। “নিজের পায়ের তলার মাটি শক্ত করা আগে দরকার,” বলেন তিনি।
মালাইকা জানান, তার জীবনে মা হওয়াটা ছিল এক বড় অর্জন। তবে তার মানে এই নয় যে বিয়েই জীবনের একমাত্র লক্ষ্য বা সাফল্য। “বিয়ে জীবনের সবকিছু নয়,”—স্পষ্টভাবে জানান তিনি।
এই বক্তব্যের মাধ্যমে অতীত নিয়ে আলোচনার ইতি টেনে বর্তমান ও ভবিষ্যতের দিকে মনোযোগী হওয়ার বার্তাই দিলেন মালাইকা অরোরা।