চট্টগ্রাম শহরের কদমতলীতে একটি কম্বলের গোডাউনে আগুন লেগেছে। চারতলা ওই ভবনে কম্বলের পাশাপাশি জুতাসহ আরও কয়েক ধরনের পণ্যের গোডাউন ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
সোমবার (২৪ নভেম্বর) দুপুরে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক আলমগীর হোসেন।
স্থানীয়রা জানান, ভবনটির চতুর্থ তলায় কম্বলের এবং তৃতীয় তলায় জুতার গোডাউন ছিল। ভবনটিতে প্রায় দেড়শ কর্মী কাজ করলেও আগুন লাগার সময় কেউ উপস্থিত ছিলেন না, ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।
ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর তদন্তে বিষয়টি নিরূপণ করা হবে।