বিশ্বের পাসপোর্ট র্যাংকিংয়ে সপ্তম দুর্বল অবস্থানে রয়েছে বাংলাদেশের পাসপোর্ট। হেনলি পাসপোর্ট ইনডেক্সের ২০২৬ সালের জানুয়ারির হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চম দুর্বল।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) হেনলি অ্যান্ড পার্টনারস প্রকাশিত সর্বশেষ সূচক অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে বিশ্বের ৩৭টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। ১০১টি দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ৯৫তম। এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে ১০৬ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম।
ভিসামুক্ত ভ্রমণের সুযোগের ভিত্তিতেই এই সূচক তৈরি করা হয়।
র্যাংকিংয়ে এবারও এককভাবে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। দেশটির পাসপোর্টধারীরা বিশ্বের ১৯২টি দেশে ভিসা ছাড়া প্রবেশের সুযোগ পান। দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া এই দুই দেশের নাগরিকরা ভিসা ছাড়াই ১৮৮টি দেশে যেতে পারেন।
তৃতীয় অবস্থানে রয়েছে ডেনমার্ক, লুক্সেমবার্গ, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড। এসব দেশের পাসপোর্টধারীরা ১৮৬টি দেশে ভিসামুক্ত ভ্রমণ করতে পারেন। চতুর্থ অবস্থানে রয়েছে অস্ট্রিয়া, বেলজিয়াম, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ড ও নরওয়ে—যাদের ভিসামুক্ত গন্তব্য সংখ্যা ১৮৫টি।
পঞ্চম অবস্থানে রয়েছে হাঙ্গেরি, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া ও সংযুক্ত আরব আমিরাত। এসব দেশের নাগরিকরা ভিসা ছাড়া ১৮৪টি দেশে ভ্রমণ করতে পারেন।
সূচকের একেবারে নিচের দিকে রয়েছে পাকিস্তান, ইয়েমেন, ইরাক, সিরিয়া ও আফগানিস্তান। এসব দেশের নাগরিকরা যথাক্রমে ৩১, ২৯, ২৬ ও ২৪টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের অধিকারী মালদ্বীপ। দেশটি রয়েছে ৫২তম অবস্থানে, যার নাগরিকরা ভিসা ছাড়াই ৯২টি গন্তব্যে ভ্রমণ করতে পারেন।
হেনলি পাসপোর্ট ইনডেক্সে বিশ্বের ১৯৯টি পাসপোর্ট ও ২২৭টি গন্তব্য বিবেচনায় নেওয়া হয়েছে।