সারাবছর প্রশংসায় কৃপণ হলেও আজ নিয়ম ভাঙুন। কারণ, আজ কিন্তু স্ত্রীর প্রশংসা দিবস! প্রতি বছর সেপ্টেম্বরের তৃতীয় রোববার বিশ্বের নানা দেশে এই দিনটি পালন করা হয়। ২০০৬ সালে প্রথম শুরু হওয়া এই দিবসের মূল উদ্দেশ্য হলো সংসারে পরিশ্রমী ও সঙ্গীসুলভ নারীর অবদানকে সম্মান জানানো।
স্ত্রীর প্রশংসা দিবসে সরকারি ছুটি নেই, তবু দিনটি দম্পতিদের কাছে বেশ বিশেষ। সারা বছরের ব্যস্ততার মাঝে স্বামীরা আজ সময় বের করে স্ত্রীর কাজের প্রশংসা করেন, দেন ভালোবাসার ছোট ছোট উপহার। অনেকেই ঘরে বসেই মেসেজ বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।
মনোবিজ্ঞানীরা বলছেন, একটুখানি প্রশংসা ঘরের পরিবেশকে আনন্দময় করতে পারে, বাড়িয়ে দেয় দুজনের বোঝাপড়া ও সম্মান। তাই আজ অফিস থেকে ফেরার পথে একটি গোলাপ, বেলি বা প্রিয় কোনো ফুল নিয়ে স্ত্রীর মুখে হাসি ফোটানোই হতে পারে দিনের সেরা চমক।
আজকের এই দিনটি মনে করিয়ে দেয়—স্ত্রীর প্রতি ভালোবাসা ও প্রশংসা প্রকাশে কৃপণ হলে চলবে না। সংসারের সুখ বাড়াতে প্রয়োজন সামান্য প্রশংসারও।