ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিতের আবেদন উত্থাপিত হয়নি উল্লেখ করে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি রিয়াজউদ্দিন আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
রিটকারী আইনজীবী ও ‘বাংলাদেশ কংগ্রেস’-এর মহাসচিব মো. ইয়ারুল ইসলাম জানান, শুনানি ছাড়াই আদালত রিট আবেদনটি নট প্রেসড (উত্থাপিত হয়নি) বলে খারিজ করেন। তিনি বলেন, “আদালত জানান, দেশ বর্তমানে নির্বাচনমুখী, তাই এই রিটের সময় উপযুক্ত নয়। বৃহত্তর স্বার্থে রিট তুলে নিয়েছি।”
গত ৩ ডিসেম্বর ইয়ারুল ইসলাম রিটটি করেছিলেন। রিটে দাবি করা হয়, জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)কে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দেওয়া সংবিধানের পরিপন্থী। কারণ নির্বাচন কমিশনের নিজস্ব জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা থাকা সত্ত্বেও নির্বাহী বিভাগের কর্মকর্তাদের দিয়ে নির্বাচন পরিচালনা করানো হলে কমিশন নির্ভরশীল হয়ে পড়ে।
রিটে বলা হয়েছিল, ডিসি ও ইউএনওরা সরকারের নির্বাহী বিভাগের প্রতিনিধি হওয়ায় তাদের নিয়োগ নির্বাচনের স্বাধীনতা ক্ষুণ্ন করে। তাই জেলা-উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নিয়োগ দেওয়ার নির্দেশ এবং নির্বাচন কমিশনের স্বাধীনতা নিশ্চিত করতে ‘ইলেকটোরাল সার্ভিস কমিশন’ গঠনের আহ্বান করা হয়।
রিটে আরও উল্লেখ করা হয়, নির্বাহী বিভাগ থেকে সচিব নিয়োগ করলে নির্বাচন কমিশনের স্বাধীনতা দুর্বল হয়। তাই কমিশনের নিজস্ব জনবল থেকে সচিব নিয়োগের দাবি জানানো হয়।
রিটের প্রাথমিক শুনানি গ্রহণ করলে নির্বাচনের সব কার্যক্রম স্থগিতেরও আবেদন ছিল। তবে হাইকোর্ট আবেদনটি উত্থাপিত হয়নি উল্লেখ করে খারিজ করে দেন।