মুম্বাইয়ের ব্যস্ত সড়কে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। একটি দ্রুতগতির গাড়ির সজোরে ধাক্কায় তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মার্কিন ডিজে ডেভিড গেটার কনসার্টে অংশ নিতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন নোরা। পুলিশ জানিয়েছে, যে গাড়িটি নোরার গাড়িকে ধাক্কা দেয়, সেটির চালক মদ্যপ অবস্থায় ছিলেন বলে প্রাথমিক তদন্তে তথ্য মিলেছে।
দুর্ঘটনার পর নোরাকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়। সেখানে সিটি স্ক্যানসহ বিভিন্ন পরীক্ষা করা হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার মাথায় ‘কনকাশন’ হয়েছে। তবে শরীরের ভেতরে রক্তক্ষরণ বা বড় ধরনের কোনো আঘাত পাওয়া যায়নি। চিকিৎসকরা তাকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন।
এদিকে শারীরিক অসুস্থতা সত্ত্বেও নোরা সানবার্ন ফেস্টিভ্যালে পারফর্ম করার সিদ্ধান্তে অনড় রয়েছেন বলে জানা গেছে। ওই অনুষ্ঠানে ডেভিড গেটা ও মার্কিন গায়িকা সিয়ারার সঙ্গে তার নতুন আন্তর্জাতিক সিঙ্গেলের অংশ বিশেষ উপস্থাপনের কথা রয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি আন্তর্জাতিক অঙ্গনে নোরা ফাতেহির জনপ্রিয়তা বেড়েছে। প্রথম বলিউড অভিনেত্রী হিসেবে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘দ্য জিমি ফ্যালন শো’-তে অংশ নিয়ে আলোচনায় আসেন তিনি। পাশাপাশি বড় পর্দা ও ওয়েব সিরিজে একাধিক নতুন কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন নোরা।