ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকারীদের এক সপ্তাহেও গ্রেপ্তার না করতে পারায় তীব্র নিন্দা জানিয়েছেন সংগঠনটির সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। তিনি আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীকে এ বিষয়ে গত এক সপ্তাহের তদন্ত ও গৃহীত পদক্ষেপ সম্পর্কে জনগণকে জানাতে আলটিমেটাম দিয়েছেন।
শনিবার (২০ ডিসেম্বর) হাদির জানাজার প্রাক্কালে পরিবারের পক্ষ থেকে দেওয়া বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।
আবদুল্লাহ আল জাবের বলেন, ইনকিলাব মঞ্চ কোনো ধরনের সহিংসতার পক্ষে নয়। তবে হাদি হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়ায় জনমনে ক্ষোভ তৈরি হয়েছে উল্লেখ করে তিনি হাদির জানাজা ও দাফন শেষে উপস্থিত জনসাধারণকে শাহবাগে জড়ো হওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, “ইনকিলাব মঞ্চ থেকে পরবর্তী সব সিদ্ধান্ত জনগণকে জানানো হবে।”
এদিকে জানাজার অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা হাদির আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চান। এরপর বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে হাদির বড় ভাইও বক্তব্য দেন এবং তিনিই জানাজার নামাজে ইমামতি করেন।
শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় প্রধান উপদেষ্টাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।