টলিউড-বলিউডের গণ্ডি পেরিয়ে এবার আন্তর্জাতিক অঙ্গনে পা রাখছেন নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়। তার প্রথম ইংরেজি ভাষার ছবি ‘এলিমেন্টারি মাই ডিয়ার হোমস’ নির্মাণের ঘোষণা দিয়েছেন তিনি। ছবিটি শার্লক হোমসের স্রষ্টা ব্রিটিশ সাহিত্যিক সার আর্থার কোনান ডয়েল এর জীবনের বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে তৈরি হবে।
লন্ডনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছবির আনুষ্ঠানিক ঘোষণা দেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই পরিচালক। ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে সৃজিতের ম্যাচকাট প্রোডাকশনস ও শাহনাব আলমের ইনভিজিবল থ্রেড।
ছবির কাহিনি আবর্তিত হবে ১৯০৬ সালের স্কটল্যান্ডের গ্লাসগোতে, যেখানে একটি রহস্যজনক হত্যাকাণ্ড তদন্ত করতে গিয়ে সমাজের পক্ষপাত, শ্রেণি বৈষম্য ও জাতিগত ঘৃণার বিষয় উঠে আসে। ঘটনাটির কেন্দ্রে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত জর্জ এডালজি, যাকে ভুলভাবে অপরাধী ঘোষণা করা হয়েছিল। ডয়েল নিজেই সত্য উদঘাটনে নামেন এবং ন্যায়ের জন্য লড়াই করেন। পাশাপাশি থাকবে অস্কার স্লেটার মামলা, যা ডয়েলের জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত।
সৃজিত বলেন, “ছোটবেলায় শার্লক হোমসের সঙ্গে আমার প্রথম পরিচয় বইয়ের পাতায়। ডয়েলের গল্প শুধু গোয়েন্দাগিরি নয় এটি কৌতূহল, ন্যায়বোধ ও সত্যের অনুসন্ধানের প্রতীক।”
লন্ডনের ঘোষণায় উপস্থিত ছিলেন ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট (বিএফআই) ও ব্রিটিশ কাউন্সিলের কর্মকর্তা ও ডয়েল পরিবারের সদস্যরা। প্রযোজকদের ভাষায়, “এলিমেন্টারি মাই ডিয়ার হোমস” কেবল একটি জীবনী নয়, এটি ন্যায়ের জন্য মানবিক সাহসের উদযাপন।
তবে ছবির শুটিং, কাস্টিং বা মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।