নোয়াখালীর কোম্পানীগঞ্জে নোয়াখালীকে স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ ঘোষণা করার দাবিতে আজ রোববার দুপুরে বসুরহাট জিরো পয়েন্টে সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচি আয়োজন করেছে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন পরিষদের কোম্পানীগঞ্জ উপজেলা শাখা।
সমাবেশে বক্তারা বলেন, “নোয়াখালীকে স্বতন্ত্র বিভাগ ঘোষণা আমাদের প্রাণের দাবি। এক কোটিরও বেশি মানুষের আবেগ এই দাবির সঙ্গে জড়িয়ে আছে। কোনো ধরনের ষড়যন্ত্র বা ছলচাতুরি আমরা মেনে নেব না। যেকোনো মূল্যে দাবি আদায় করা হবে।”
বিকেল পর্যন্ত সড়ক অবরোধ থাকায় বসুরহাটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে। সমাবেশে উপজেলা বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ, কোম্পানীগঞ্জ শিক্ষক সমিতি, যুব ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকা থেকে রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে বিক্ষোভকারীরা কোম্পানীগঞ্জ সমাজসেবা কর্মকর্তার হাতে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি হস্তান্তর করেন।
উল্লেখ্য, বক্তারা আশঙ্কা প্রকাশ করেন, কিছু মহল নোয়াখালীকে প্রস্তাবিত কুমিল্লা বিভাগের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছে। তবে স্থানীয়রা বলেন, বৃহত্তর নোয়াখালীর তিন জেলাকে নিয়ে আলাদা বিভাগ ঘোষণা না করা হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।