টাংগাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) “জুলাই শহিদ দিবস” উপলক্ষে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। এই আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
আজ ১৬ জুলাই (বুধবার) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সেমিনার কক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ এক বক্তব্যে বলেন , “আমরা আজ গভীর শ্রদ্ধায় স্মরণ করছি সেইসব শহীদদের, যাদের আত্মত্যাগ আজও আমাদের জাতীয় বিবেককে নাড়া দেয়, আমাদের দায়িত্বশীলতা স্মরণ করিয়ে দেয়। ”
এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান মামুন বলেন, ” শিক্ষাকে পরিকল্পিতভাবে ধ্বংস করেছিল বিগত সরকার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে জোর করে মিছিলে নিয়ে যেতো। সারারাত গেস্ট রুমে দাঁড় করিয়ে রাখতো। বিশ্বের অন্যান্য দেশের বিশ্ববিদ্যালয়ের মতো পরিবেশ আমাদের দেশের কোন বিশ্ববিদ্যালয়ে নেই।“
তিনি আরো বলেন, আমাদের দেশে বিশ্ববিদ্যালয়গুলোতে মানসম্মত শিক্ষক নিয়োগ হচ্ছে না। কারণ হলো সরকার তাদের পছন্দের ব্যক্তিকেই শিক্ষক হিসেবে নিয়োগ দেন। তাদের যোগ্যতাকে প্রাধান্য দেয়া হয় না। জুলাই গণ-অভ্যুত্থানের আদর্শ বাস্তবায়ন হবে তখনই হবে যখন দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে যোগ্য শিক্ষক নিয়োগ করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহিদ মারুফের মা, যিনি শহিদ পরিবারের প্রতিনিধি হিসেবে তাঁর সন্তানের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, “আমার সন্তান যে উদ্দেশ্যে প্রাণ দিয়েছে সে উদ্দেশ্য যেন বাস্তবায়ন হয় সরকারের নিকট আমি সেই দাবি জানাচ্ছি।”
এই স্বরণসভার উদ্দেশ্য সম্পর্কে জানতে চাওয়া হলে অনুষ্ঠানে উপস্থিত থাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক বলেন, এই আলোচনা সভার মূল উদ্দেশ্য হলো জুলাইয়ের শহিদদের আত্মত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ করা এবং নতুন প্রজন্মের সামনে তাঁদের বীরত্বপূর্ণ ভূমিকা তুলে ধরা, যাতে ভবিষ্যৎ প্রজন্ম সেই আদর্শে অনুপ্রাণিত হতে পারে।