মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) সাংবাদিক সমিতির নবনির্বাচিত সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিনিধি মো. জাহিদ হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ভোরের ডাক পত্রিকার প্রতিনিধি হৃদয় হোসাইন। সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধি মো. এরশাদ।
গত ১৯ জানুয়ারি (সোমবার) অনুষ্ঠিত সাংবাদিক সমিতির সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন এই কমিটি গঠন করা হয়। পরদিন ২০ জানুয়ারি সাংবাদিক সমিতির অফিশিয়াল ফেসবুক পেজে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।
নতুন কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—যুগ্ম সম্পাদক দৈনিক এশিয়ার প্রতিনিধি ইশরাত জাহান ইশা, সাংগঠনিক সম্পাদক চ্যানেল ২১-এর মো. নাজমুল হাসান ভুঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক আজকের বাংলার রায়হান আহমেদ, দপ্তর সম্পাদক আরটিভি অনলাইনের আতিক মাহবুব তাঞ্জিম, উপ-দপ্তর সম্পাদক দৈনিক কালের কণ্ঠের তকী তাহমিদ ফরহাদ, এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক দেশ বুলেটিনের হৃদয় হোসাইন।
কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন—স্বদেশ প্রতিদিনের আবু বকর সিদ্দিক রবিন, দৈনিক গণকণ্ঠের ইমতিয়াজ আহমেদ ইমন, প্রজন্ম কথার মো. জিসান রহমান, দৈনিক দেশের কথার সাজ্জাদুল ইসলাম সৈকত, জনতার খবরের সাজ্জাদ হোসাইন সোহান ও রাইজিং বিডির আবিদ ফেরদৌস মিয়া।
নবনির্বাচিত সভাপতি মো. জাহিদ হোসেন বলেন, সাংবাদিকতার পেশাগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং ক্যাম্পাসভিত্তিক দায়িত্বশীল সংবাদচর্চা জোরদার করাই তাঁর মূল লক্ষ্য। সাধারণ সম্পাদক হৃদয় হোসাইন জানান, স্বচ্ছতা ও নৈতিকতার ভিত্তিতে কাজ করে সাংবাদিক সমিতিকে আরও সক্রিয় ও গতিশীল করা হবে।
নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধিরা। তাঁরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে মাভাবিপ্রবি সাংবাদিক সমিতি আরও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে এবং বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক কর্মকাণ্ড দেশবাসীর কাছে তুলে ধরবে।
উল্লেখ্য, মাভাবিপ্রবি সাংবাদিক সমিতি দীর্ঘদিন ধরে ক্যাম্পাস সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।