পটুয়াখালীর কলাপাড়ায় স্ত্রীকে দোষারোপ করে চিরকুট লিখে আত্মহত্যা করেছেন লোকমান সরদার (৩২) নামের এক দর্জি।
শনিবার (১৬ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারসংলগ্ন ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত লোকমান উপজেলার পশ্চিম সোনাতলা গ্রামের জাকির সরদারের ছেলে। তিনি স্থানীয় বাজারে দর্জির দোকান চালাতেন।
পুলিশ জানায়, মৃত্যুর আগে লোকমান একটি নোটপ্যাডে চিরকুট লিখে গেছেন। সেখানে তিনি উল্লেখ করেন—স্ত্রী তাকে ভালোবাসেন না, টাকার অভাবে সংসারে অশান্তি লেগেই থাকে, এমনকি স্ত্রী তাকে ছেড়ে চলে যেতে পারেন বলেও তিনি আশঙ্কা করেছিলেন। মানসিক যন্ত্রণা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন বলে চিরকুটে উল্লেখ আছে।
কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।