এইচএসসির খাতা মূল্যায়ন শেষ, ফল প্রকাশ হবে শীঘ্রই

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ শেষ হয়েছে। এখন ফল প্রস্তুতের কাজ চলছে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ১৯ অক্টোবরের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।

অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানান, ফল প্রকাশের সম্ভাব্য একাধিক তারিখ প্রস্তাব করে তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদনের পর ১৯ অক্টোবরের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে।

তিনি বলেন, “সব উত্তরপত্র মূল্যায়ন শেষ হয়েছে। এখন অন্যান্য প্রক্রিয়া চলছে। ১৯ অক্টোবরকে শেষ কার্যদিবস ধরে এর মধ্যেই ফল প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২৬ জুন এবং শেষ হয় ১৯ আগস্ট। শুরুতে ১৩ আগস্টের মধ্যে পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও কয়েকটি বিষয়ের পরীক্ষা স্থগিত হওয়ায় সময় বাড়ে।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী ফরম পূরণ করেন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন। সারাদেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বোর্ড সূত্রে জানা গেছে, এবার প্রায় ২৭ হাজার শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। ফলে ফলাফলের অপেক্ষায় রয়েছেন প্রায় সোয়া ১২ লাখ পরীক্ষার্থী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *