ময়মনসিংহ বিভাগের নির্বাচনী সমাবেশে অংশ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী প্রচারের পঞ্চম দিনে ঢাকার বাইরে এটি তার তৃতীয় সমাবেশ।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ জেলা সার্কিট হাউজ মাঠে আয়োজিত সমাবেশে বিকেল ৪টা ৩ মিনিটে তিনি মঞ্চে ওঠেন। এর আগে তিনি সমাবেশস্থলের পাশে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।
সমাবেশস্থলে পৌঁছালে স্থানীয় নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানান। এ সময় ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম’ এবং ‘আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান’ স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। ময়মনসিংহ জেলা বিএনপির পক্ষ থেকে তাকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
সমাবেশের শুরুতে ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীরা মঞ্চে বক্তব্য দেন। তাদের মধ্যে বক্তব্য রাখেন ইকবাল হোসেন, সুলতানা আহমেদ বাবু, মোতায়ের হোসেন বাবু, মাহমুদুল হক, ফরিদুল কবির তালুকদার, সিরাজুল হক, মাহবুব রহমান লিটন, মোস্তাফিজুর রহমান বাবলু ও লুৎফুরজ্জামান বাবর।
বক্তারা দলের ভেতরের সব ধরনের দ্বিধা-দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করার আহ্বান জানান। তারা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দেন।
লুৎফুজ্জামান বাবর বলেন, “ময়মনসিংহ বিভাগের ২৪টি আসন তারেক রহমানকে উপহার দিতে চাই। আগামী দিনে তাকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।”
সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীদের বড় একটি অংশ ছিলেন মধ্যবয়সী। অনেকেই স্মৃতিচারণ করে বলেন, একই মাঠে তারা এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাবেশেও অংশ নিয়েছিলেন।