কক্সবাজারের টেকনাফে মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। বাড়ির উঠানে খেলার সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় শিশুটি। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা হাইওয়ে সড়ক অবরোধ করেছেন।
আহত শিশুর নাম তানজিনা আক্তার (১২)। সে হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লম্বাবিল এলাকার জসিম উদ্দিনের মেয়ে। তানজিনা স্থানীয় হাজি মোহাম্মদ হোসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়দের বরাতে জানা গেছে, গত চারদিন ধরে হোয়াইক্যং সীমান্তের ওপারে রাখাইন রাজ্যের দিক থেকে গোলাগুলি ও বোমা বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। আজ সকালে তেচ্ছিব্রিজ এলাকার নিজ বাড়ির উঠানে খেলছিল তানজিনা। এ সময় সীমান্তের ওপার থেকে ছোড়া একটি গুলি এসে তার মাথায় লাগে।
হোয়াইক্যং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শাহজালাল জানান, গুলিবিদ্ধ এক শিশুর বিষয়ে তারা অবগত হয়েছেন। শিশুটি গুরুতর আহত হলেও তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কোনো খবর নেই। উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামে পাঠানো হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইনামুল হাফিজ নাদিম বলেন, সীমান্তে চলমান গোলাগুলির কারণে এপারে এসে গুলির আঘাতে শিশুটি আহত হয়েছে। সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।