বাংলাদেশে আইপিএল খেলার সম্প্রচার বন্ধের আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় তিনি এ অবস্থান নেন।
শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল জানান, ভারতের ক্রিকেট বোর্ডের নির্দেশে মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। বিষয়টিকে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকারের উদাহরণ উল্লেখ করে তিনি এ সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
ফেসবুক পোস্টে আসিফ নজরুল লেখেন, বাংলাদেশের ক্রিকেটারকে এভাবে দল থেকে বাদ দেওয়ার ঘটনা দেশের ক্রিকেট ও ক্রিকেটারদের জন্য অবমাননাকর। তিনি বলেন, এমন পরিস্থিতিতে বাংলাদেশে আইপিএল খেলার সম্প্রচার বন্ধের উদ্যোগ নেওয়ার জন্য তথ্য ও সম্প্রচার উপদেষ্টার কাছে তিনি অনুরোধ জানিয়েছেন।
এদিকে, কলকাতা নাইট রাইডার্স থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় আগামী ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন আসিফ নজরুল। সূচি অনুযায়ী, বিশ্বকাপের প্রথম পর্বে বাংলাদেশের কলকাতায় তিনটি এবং মুম্বাইয়ে একটি ম্যাচ খেলার কথা রয়েছে।
এই পরিস্থিতিতে ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে চিঠি দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নির্দেশনা দেওয়ার কথা জানান তিনি।
ফেসবুক পোস্টে আসিফ নজরুল আরও লেখেন, ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আইসিসির কাছে পুরো বিষয়টি লিখিতভাবে তুলে ধরার নির্দেশ দিয়েছেন। বোর্ডকে জানাতে বলা হয়েছে, যেখানে একজন বাংলাদেশি ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে পুরো বাংলাদেশ দলকে বিশ্বকাপ খেলতে পাঠানো কতটা নিরাপদ সে প্রশ্ন থেকেই যায়।
তিনি জানান, বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানাতে বিসিবিকে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।