ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। প্রায় এক বছর পর আবারও ওয়ানডে দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার মিচেল স্টার্ক। ৩৫ বছর বয়সী এই বাঁহাতি বোলার সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন গত বছরের নভেম্বরে।
অন্যদিকে, ব্যাটিং লাইনআপে পরিবর্তন এসেছে। মারনাস লাবুশেন বাদ পড়েছেন সাম্প্রতিক ব্যর্থতার কারণে। গত ১০ ইনিংসে তার সর্বোচ্চ স্কোর ছিল ৪৭। তার জায়গায় প্রথমবারের মতো ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন ম্যাট রেনশ। ভারতের বিপক্ষে সিরিজে তার ওয়ানডে অভিষেক হতে পারে।
আগামী ১৯ অক্টোবর পার্থে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে। তবে উইকেটকিপার-ব্যাটার অ্যালেক্স ক্যারি প্রথম ম্যাচে থাকছেন না, কারণ তিনি সাউথ অস্ট্রেলিয়ার হয়ে শেফিল্ড শিল্ডে খেলবেন।
অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ওয়ানডে দলে থাকলেও টি-টোয়েন্টি স্কোয়াডে রাখা হয়নি। চোটের কারণে এখনই ফিরছেন না গ্লেন ম্যাক্সওয়েল, তার বদলে টি-টোয়েন্টি দলে ফিরেছেন নাথান এলিস।
ওয়ানডে সিরিজ শেষে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম ম্যাচ হবে ২৯ অক্টোবর ক্যানবেরায়।
অস্ট্রেলিয়ার ওয়ানডে দল:
মিচেল মার্শ (অধিনায়ক), মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, ক্যামেরন গ্রিন, ট্র্যাভিস হেড, অ্যালেক্স ক্যারি, ম্যাট রেনশ, অ্যাডাম জাম্পা, বেন ডওয়ারশুইস, নাথান এলিস, জশ ইংলিশ, মিচেল ওয়েন, হ্যাভিয়ের বার্টলেট, কুপার কনোলি, ম্যাথু শর্ট।
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল (প্রথম দুই ম্যাচ):
মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবোট, হ্যাভিয়ের বার্টলেট, টিম ডেভিড, বেন ডওয়ারশুইস, নাথান এলিস, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিশ, ম্যাথু কুনেমান, মিচেল ওয়েন, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা।