বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীনতম নিদর্শণ ৬৯ হিজরীতে সাহাবা আমলে তৈরি হারানো মসজিদ। রংপুর-কুড়িগ্রাম জাতীয় মহাসড়কের প্রায় ১ কিলোমিটার দক্ষিণ পার্শ্বে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের রামদাস মৌজায় ওই মসজিদটি অবস্থিত।
জানা গেছে, লালমনিরহাট জেলার সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনয়নের ওই রামদাস মৌজায় ওই স্থানটি বহুদিন ধরে ছিল পতিত জঙ্গল। হিংস্র জীব-জন্তু, সাপ-বিচ্ছুর ভয়ে কেউ ওই স্থানে যেতে সাহস পেতো না। পরবর্তী সময়ে জঙ্গল পরিস্কার করতে যেয়ে বেরিয়ে আসে প্রাচীন কালের তৈরি ইট, যার মধ্যে ফুল অংকিত ছিল। এমনিভাবে মাটি ও ইট সরাতে গিয়ে একটি পূর্ণ মসজিদের ভিত বেরিয়ে আসে। এসময় একটি শিলালিপি পাওয়া যায়, যার মধ্যে স্পষ্ট অক্ষারে আরবিতে লেখা ছিল ‘লা-ইলাহা-ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসুলুল্লাহ’ হিজরি সন ৬৯। তখনই স্থানীয় লোকজন বুঝতে পারেন যে, এটি-একটি প্রচীন মসজিদের ধ্বংসাবশেষ। পরে সেখানে একটি মসজিদ নির্মাণ করা হয়। যা বর্তমানে ‘সাহাবায়ে কেরাম মসজিদ’ নামে নামকরণ করা হয়।
পাকা রাস্তা হয়ে মাইক্রোবাস, বাস কিংবা রিক্সা নিয়ে হারানো মসজিদে যাতায়াত করা যায়। বর্তমানে ঐতিহাসিক এই মসজিদটি পুনরায় সংস্কার করা হয়েছে। করা হয়েছে সৌন্দর্য্যবর্ধন।