সজীব ওয়াজেদ জয়কে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ট্রাইব্যুনালে হাজির হতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১। বুধবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। বেঞ্চের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
শুনানিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, মামলার দুই আসামির একজন সজীব ওয়াজেদ জয় পলাতক। তাঁর বিরুদ্ধে হাজিরার জন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের আবেদন করেন তিনি। ট্রাইব্যুনাল আবেদনটি মঞ্জুর করে বিজ্ঞপ্তি প্রকাশের পর বিষয়টি অবহিত করার জন্য আগামী ১৭ ডিসেম্বর তারিখ নির্ধারণ করেছে।
মামলার আরেক আসামি সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক বর্তমানে গ্রেপ্তার আছেন। আজ তাঁকে আদালতে হাজির করা হয়। শুনানিতে পলকের আইনজীবী এম লিটন আহমেদ অভিযোগ করেন, তাঁর মক্কেল কারাগারে পরিবারের দেখা সাক্ষাৎ এবং টেলিফোনে কথা বলার সুযোগ পেতেন। কিন্তু জয় বাংলা স্লোগান দেওয়া ও জাতীয় সংগীত গাওয়ার কারণে এখন আর সেই সুযোগ পাচ্ছেন না। এ বিষয়ে আইন অনুসরণে একটি সাধারণ আদেশ দেওয়া হবে বলে ট্রাইব্যুনাল জানায়।
উল্লেখ্য, ৪ ডিসেম্বর সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহ্মেদ পলকের বিরুদ্ধে মামলাটির আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়।