এক বছরের মাথায় ভেঙে গেল জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানের দ্বিতীয় সংসার। মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে তার দাম্পত্য জীবনের ইতি ঘটেছে।
জানা গেছে, বিয়ের কয়েক মাসের মধ্যেই দুজনের সম্পর্কে টানাপড়েন শুরু হয়। গত জুলাইয়ের শেষ দিক থেকে তারা আলাদা থাকছেন। বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন তাহসান খান নিজেই।
একান্ত আলাপে তাহসান বলেন, “খবরটি সত্য। দীর্ঘদিন ধরেই আমরা বিচ্ছিন্ন এবং আলাদা থাকছি। সঠিক সময় এলে বিস্তারিত বলব।”
তিনি জানান, ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলতে আগ্রহী ছিলেন না। তবে বিবাহবার্ষিকী ঘিরে বিভ্রান্তিকর কিছু খবর ছড়িয়ে পড়ায় বিষয়টি স্পষ্ট করতে বাধ্য হয়েছেন।
তাহসান আরও বলেন, “ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলতে চাইনি। কিন্তু কিছু ভুয়া খবর দেখার পর জানাতে হচ্ছে—আমরা এখন একসঙ্গে থাকছি না।”
উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। রোজা একজন পেশাদার মেকআপ আর্টিস্ট; বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে ব্রাইডাল মেকআপ নিয়ে কাজ করছেন তিনি।
এর আগে ২০০৬ সালে অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে তাহসানের প্রথম বিয়ে হয়। প্রায় ১১ বছরের দাম্পত্য জীবনের পর ২০১৭ সালে সেই সংসারের বিচ্ছেদ ঘটে। সেই সংসারে তাদের এক কন্যাসন্তান রয়েছে।












