২০২৬ সালের জি-২০ শীর্ষ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার অংশগ্রহণ নিষিদ্ধ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ঘোষণা করেন, আগামী বছর যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠেয় সম্মেলনে দক্ষিণ আফ্রিকাকে আমন্ত্রণ জানানো হবে না। শ্বেতাঙ্গ কৃষকদের ওপর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এবং জি-২০ সভাপতিত্ব নিয়ে কূটনৈতিক বিরোধের জেরে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
বুধবার ট্রাম্প অভিযোগ করেন, দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ কৃষকরা ‘গুরুতর মানবাধিকার লঙ্ঘনের’ শিকার হচ্ছেন। পাশাপাশি চলতি বছরে জোহানেসবার্গে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনের পর দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের কাছে প্রতীকীভাবে সভাপতিত্ব হস্তান্তর না করার বিষয়টি তিনি সমালোচনা করেন।
নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ ট্রাম্প লেখেন, “দক্ষিণ আফ্রিকা দেখিয়ে দিয়েছে, তারা কোনো সংগঠনেরই সদস্য হওয়ার যোগ্য নয়।”
উল্লেখ্য, চলতি বছরের জি-২০ সম্মেলনে যুক্তরাষ্ট্র অংশ নেয়নি। ওয়াশিংটন জানায়, দক্ষিণ আফ্রিকার বাণিজ্যনীতি ও জলবায়ু ইস্যুসহ বেশ কিছু অগ্রাধিকার মার্কিন নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এর জবাবে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা প্রথানুযায়ী সভাপতিত্ব হস্তান্তর না করার সিদ্ধান্ত নেন।
এর আগেও ট্রাম্প প্রশাসন দক্ষিণ আফ্রিকায় ইউরোপীয় বসতি স্থাপনকারীদের বংশধর আফ্রিকানারদের লক্ষ্য করে কথিত ‘শ্বেতাঙ্গ গণহত্যার’ অভিযোগ তোলে, যা দক্ষিণ আফ্রিকা ভিত্তিহীন দাবি করে উড়িয়ে দেয়।
বুধবার ট্রাম্প আরও দাবি করেন, “দক্ষিণ আফ্রিকার সরকার আফ্রিকানারসহ ডাচ, ফরাসি ও জার্মান বংশোদ্ভূতদের ওপর ঘটে যাওয়া ভয়াবহ নিপীড়ন স্বীকারই করে না, বরং শ্বেতাঙ্গদের হত্যা ও তাদের খামার দখলের সুযোগ দিচ্ছে।”
ট্রাম্পের মন্তব্যে দুঃখ প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা, এমনটিই জানিয়ে তার কার্যালয় এক বিবৃতি দিয়েছে।
২০২৬ সালের ডিসেম্বর মাসে জি-২০ শীর্ষ সম্মেলন যুক্তরাষ্ট্রের মায়ামির ট্রাম্প ন্যাশনাল ডোরাল গলফ রিসোর্টে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যা ট্রাম্প পরিবারের মালিকানাধীন।