আগামী ৭ নভেম্বর জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রোববার (২ নভেম্বর) দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভার পর সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফখরুল বলেন, “দেশ এখন একরকম অনিশ্চিত সময় পার করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিয়ত অপতথ্য ছড়িয়ে দেশের অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা চলছে।”
সকালেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জুলাই সনদ ইস্যুতে চলমান বিতর্ক নিয়ে সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, বিএনপি প্রতিবাদের ভাষা হিসেবে মাঠে নেমে সরকারকে হুমকিতে ফেলতে চায় না।
গয়েশ্বর বলেন, “জুলাই সনদ ইস্যুতে বিএনপি যদি প্রতিবাদের পথ বেছে নিত, বর্তমান সরকার টিকে থাকতে পারত না। পরিস্থিতি মোকাবেলায় ধৈর্য ধরে এই সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করি।”