বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদে পরিবর্তন এনেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। আওয়ামী লীগ–সংশ্লিষ্টতার কারণে ব্যবসায়ী ইসফাক আহসান-এর মনোনয়ন প্রত্যাহার করে তার জায়গায় নতুন পরিচালক হিসেবে রুবাবা দৌলাকে মনোনীত করা হয়েছে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, রুবাবা দৌলা বিসিবির মহিলা উইংয়ের দায়িত্ব পেতে পারেন।
বর্তমানে তিনি বহুজাতিক প্রতিষ্ঠান ওরাকল বাংলাদেশ–নেপাল–ভুটানের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি গ্রামীণফোন ও এয়ারটেল-এর শীর্ষ পর্যায়ে কাজ করেছেন।
খেলাধুলার সঙ্গেও দীর্ঘদিন যুক্ত রুবাবা দৌলা। ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ছিলেন এবং বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এছাড়া গ্রামীণফোনে প্রধান যোগাযোগ কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে পরিচিত মুখ হয়ে ওঠেন।