একের পর এক বিতর্কিত ও বিস্ফোরক মন্তব্য করে চলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমুল ইসলাম। সর্বশেষ ক্রিকেটারদের বেতন ও ক্ষতিপূরণ সংক্রান্ত মন্তব্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ক্রিকেট অঙ্গনে। এ পরিস্থিতিতে আগামীকাল বিপিএল ম্যাচ শুরুর আগে নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা দিয়েছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব (ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ)।
বুধবার রাতে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন সাংবাদিকদের সঙ্গে এক জুম মিটিংয়ে বলেন, “একজন দায়িত্বশীল বোর্ড পরিচালক কখনোই এভাবে কথা বলতে পারেন না। তার সাম্প্রতিক মন্তব্য ক্রিকেটারদের সম্মান ও পেশাদারত্বের পরিপন্থী। আমরা তাৎক্ষণিকভাবে এম নাজমুলের পদত্যাগ চাইছি। যদি তিনি আগামীকাল বিপিএল ম্যাচ শুরুর আগে পদত্যাগ না করেন, তাহলে ক্রিকেটাররা কোনো ধরনের ক্রিকেট খেলবেন না।”
তিনি আরও বলেন, ক্রিকেটারদের নিয়ে নাজমুল ইসলামের ধারাবাহিক আপত্তিকর বক্তব্য ক্রিকেট অঙ্গনকে গভীরভাবে ব্যথিত করেছে। “প্রথম বিভাগ ক্রিকেট নিয়ে আমরা দীর্ঘদিন ধরেই বোর্ডকে সময় দিয়েছি, কিন্তু এখনো কোনো ইতিবাচক সাড়া পাইনি। এর মধ্যেই এ ধরনের বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে,” যোগ করেন কোয়াব সভাপতি।
এর আগে বিকেলে নাজমুল ইসলামের মন্তব্যের প্রতিক্রিয়ায় বিসিবি এক মিডিয়া বিজ্ঞপ্তিতে জানায়, তার বক্তব্য অনুপযুক্ত, আপত্তিকর কিংবা আঘাতজনক হিসেবে বিবেচিত হতে পারে। তবে বোর্ড স্পষ্ট করে দেয়, অনুমোদিত চ্যানেল ছাড়া পরিচালকের ব্যক্তিগত মন্তব্য বোর্ডের নীতি বা অবস্থানের প্রতিফলন নয়।
বিবৃতিতে বিসিবি আরও জানায়, ক্রিকেটারদের প্রতি কোনো অসম্মান বা বাংলাদেশ ক্রিকেটের সুনাম ক্ষুণ্ন হলে যথাযথ শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি দেশের প্রতিনিধিত্বকারী খেলোয়াড়দের প্রতি বোর্ডের পূর্ণ সমর্থন ও সম্মানের বিষয়টিও পুনর্ব্যক্ত করা হয়।
এর আগে বিশ্বকাপ না খেললে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে নাজমুল ইসলাম বলেছিলেন, “বিসিবির কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে ক্রিকেটারদের। তারা খেললে ম্যাচ ফি, ম্যাচসেরা ও পারফরম্যান্স অনুযায়ী পারিশ্রমিক পায়। বোর্ডের লাভ-ক্ষতির কিছু নেই।”
তিনি আরও প্রশ্ন তোলেন, আশানুরূপ পারফর্ম না করলে ক্রিকেটারদের বেতন কাটা হয় না, তাহলে ক্ষতিপূরণ দেওয়া হবে কোন যুক্তিতে? পাশাপাশি অতীতে বৈশ্বিক আসরে কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ার প্রসঙ্গও তুলে ধরেন তিনি।
পারফরম্যান্সভিত্তিক পারিশ্রমিক প্রসঙ্গে নাজমুল ইসলাম বলেন, ভবিষ্যতে এ ধরনের চিন্তা করা হতে পারে, তবে তা বোর্ডের সম্মিলিত সিদ্ধান্তেই বাস্তবায়িত হবে। “আমি একা নই, বোর্ডের একজন সদস্য মাত্র,” বলেন তিনি।
নাজমুল ইসলামের এসব মন্তব্য ও কোয়াবের কড়া অবস্থানের ফলে বিপিএল ও সামগ্রিকভাবে দেশের ক্রিকেটে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এখন সবার দৃষ্টি বিসিবির পরবর্তী সিদ্ধান্তের দিকে।