ভারতের উত্তর প্রদেশে প্রথমবারের মতো শ্রেণিকক্ষে ক্লাস নিয়েছে এআইচালিত রোবট শিক্ষক ‘সোফি’। ১৭ বছর বয়সী আদিত্য কুমার নামের এক শিক্ষার্থী রোবটটি উদ্ভাবন করেছে। বুলন্দ শহরের শিবচরণ ইন্টার কলেজে সোফির প্রদর্শনীর একটি ভিডিও ভাইরাল হওয়ার পর দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এএনআই-এর প্রকাশিত ভিডিওতে দেখা যায়, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল চিপসেট ব্যবহার করে তৈরি সোফি প্রথমে নিজের পরিচয় দেয়। এরপর শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের নানা প্রশ্নের সহজ উত্তর দেয়। ভারতের প্রথম রাষ্ট্রপতি ও প্রথম প্রধানমন্ত্রীর নামসহ সাধারণ জ্ঞানভিত্তিক প্রশ্নের সঠিক উত্তর দিয়ে রোবটটি উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে।
রোবটটির নির্মাতা আদিত্য জানান, বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো যে ধরনের চিপসেট ব্যবহার করে, সেটিই তিনি ব্যবহার করেছেন। এই রোবট শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দিতে পারে, এবং ভবিষ্যতে যেন লিখতেও পারে—সে লক্ষ্যেই কাজ চলছে। তার মতে, শিক্ষার্থীদের গবেষণার সুযোগ বাড়াতে প্রতিটি জেলায় একটি করে ল্যাব স্থাপন করা জরুরি।
কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা এআই রোবটের ক্লাস নেওয়ার এই অভিজ্ঞতাকে রোমাঞ্চকর বলে মন্তব্য করেছেন।