নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় চেতনানাশক ছিটিয়ে অজ্ঞান করে একটি বাড়িতে লুটপাটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোরে উপজেলার চরকিং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাতিয়া সুপার মার্কেটের ব্যবসায়ী ইনসাফ বস্ত্র বিতানের মালিক কামরুল ইসলামের বাড়িতে রাতের কোনো এক সময় অজ্ঞান পার্টির সদস্যরা জানালার টিন সরিয়ে প্রবেশ করে। তারা ঘরে চেতনানাশক ছিটিয়ে পরিবারের সবাইকে অজ্ঞান করে ফেলে। এরপর নগদ ২ লাখ টাকা, ৯ ভরি স্বর্ণালংকার, দুটি মোবাইল ফোনসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
ব্যবসায়ী কামরুল ইসলাম জানান, অসুস্থ আত্মীয়কে দেখে রাতে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েছিলেন। ফজরের নামাজের আগে মেয়ের চিৎকারে জেগে উঠে দেখেন ঘর তছনছ হয়ে গেছে। স্ত্রীর স্বর্ণ, টাকা, ফোনসহ মূল্যবান সব কিছু লুট হয়ে গেছে। পরিবারের সবাইকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসলে চোরেরা পালিয়ে যায়।
চরঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হালিম আজাদ বলেন, “এ ধরনের লুটপাট গভীরভাবে উদ্বেগজনক। দোষীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্যোগী হতে হবে।”
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।