আগামী জাতীয় নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুবিধায় ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময় দেওয়া ভুল বা অসম্পূর্ণ ঠিকানা সংশোধনের মেয়াদ বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এখন প্রবাসীরা বাংলাদেশ সময় ৯ ডিসেম্বর সকাল ৯টা পর্যন্ত ঠিকানা সংশোধন করতে পারবেন।
রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে ইসির আউট অব কান্ট্রি ভোটিং (ওসিভি) প্রকল্পের টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সালিম আহমেদ খান এক খুদেবার্তায় এ তথ্য জানান।
তিনি বলেন, প্রবাসীদের বিশেষ অনুরোধের পর ভুল বা অসম্পূর্ণ ঠিকানা সংশোধনের সুযোগ ৯ ডিসেম্বর সকাল ৯টা পর্যন্ত বাড়ানো হয়েছে। নির্ধারিত সময়ের পর আর কোনো সংশোধনের সুযোগ থাকবে না।