রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ২০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ ৩৬ জনের বিরুদ্ধে করা পৃথক দুই মামলার রায় আজ সোমবার (২ ফেব্রুয়ারি) ঘোষণা করা হবে।
ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম বেলা ১১টার দিকে এই দুই মামলার রায় ঘোষণা করবেন। রোববার (১ ফেব্রুয়ারি) আদালতের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, পূর্বাচল নতুন শহর প্রকল্পে ২০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দায়ের করা দুই মামলায় শেখ হাসিনা ও টিউলিপসহ পৃথকভাবে ১৮ জন করে মোট ৩৬ জন আসামি রয়েছেন।
এর মধ্যে শেখ হাসিনা, টিউলিপ ও রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে দায়ের করা একটি মামলায় গত ১৮ জানুয়ারি রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য আজ দিন ধার্য করেন আদালত। অপরদিকে শেখ হাসিনা, টিউলিপ ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে দায়ের করা আরেক মামলায় গত ১৩ জানুয়ারি যুক্তিতর্ক শেষে একই তারিখে রায় ঘোষণার দিন নির্ধারণ করা হয়।
রাদওয়ান মুজিব সিদ্দিক সংক্রান্ত মামলার অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত বছরের ১৩ জানুয়ারি তার বিরুদ্ধে মামলা করেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান। ওই মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও শেখ হাসিনাসহ মোট ১৬ জনকে আসামি করা হয়। তদন্ত শেষে একই বছরের ১০ মার্চ ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলায় ২৮ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।
অপর মামলায় অভিযোগ করা হয়, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার ঘটনায় গত বছরের ১৩ জানুয়ারি আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেন দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। এ মামলায়ও টিউলিপ ও শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করা হয়। তদন্ত শেষে ১০ মার্চ আরও দুই আসামি যুক্ত করে মোট ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। এ মামলায় বিচার চলাকালে ৩১ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন।
উল্লেখ্য, গত বছরের ৩১ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম দুই মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। আজ ঘোষিত রায়ের মাধ্যমে বহুল আলোচিত এই দুই মামলার বিচারিক নিষ্পত্তি হবে।
সুত্রঃবাসস